রাজপথে মিছিল হচ্ছে
সাইয়িদ রফিকুল হক
রাজপথে মিছিল হচ্ছে―
শয়তানি করার অধিকার চাই!
বহু শয়তান আসছে দলে-দলে,
রঙবেরঙের শয়তান আছে কত!
শয়তানের মিছিলে ফুল নিক্ষেপ করছে
আরও কতক মুখচেনা-সুশীল শয়তান।
একটা ভদ্রবেশী-সুশীল শয়তানকে দেখলাম
পড়িমরি করে ঢুকে পড়লো শয়তানের মিছিলে
আরেকটু হলে খুলে যেতো তার প্রিয় কাছাখানি!
তবুও শয়তান বৃদ্ধ বয়সে নেমেছে বিধ্বংসী মিছিলে।
শয়তানের মিছিলে শুনতে পাচ্ছি―
মানুষের জন্য কতরকম ভয়ংকর কান্নাকাটি!
বস্তা-বস্তা দাবিদাওয়াও আছে তাদের ভাণ্ডারে
আর প্রতিশ্রুতির ফুলঝুরি হবে কয়েক ট্রাক!
ছলাকলা খুব ভালো জানে আমাদের এই শয়তানেরা
এদের অনেকেই বিদেশ থেকে ডিগ্রী নিয়ে এসেছে
আবার কেউ-কেউ আত্মস্বীকৃত বুদ্ধিজীবী কিংবা নামকরা ক্লীব।
মেরুদণ্ডহীন সব শয়তান প্রচণ্ড গর্জনে স্লোগান দিচ্ছে:
মানুষের গদিতে আগুন জ্বালাবো একসাথে-একসাথে!
আমাদের একমাত্র আশাভরসা আগুনবিপ্লবে, আগুনসন্ত্রাসে।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৮/২০২২
মন্তব্য (2)