ঈদের জন্য মানুষ এখন
সাইয়িদ রফিকুল হক

ঈদের জন্য ঘুম দেখি না
ঘর-পালানোর চোখে,
সবাই এখন ভাসছে দেখি
গ্রামের যাওয়ার শোকে!

বাসে-লঞ্চে, ট্রাকে-নৌকায়
যাত্রী আছে বিপুল,
সবাই এখন সুখ খোঁজে যে
পল্লীগ্রামে অতুল!

গরম চরম, জ্যামে ভরা
তবু ছোটে মানুষ,
অর্থখরচ, কষ্ট দেদার
তাতেও নাই যে হুঁশ।

ঈদের জন্য মানুষ এখন
হচ্ছে রোবট দিনে,
অধিক টাকায় টিকিট তারা
নিচ্ছে ভীষণ কিনে।

একটু ভেবে একটু মেপে
চলতো যদি মানুষ,
পথেঘাটে ভিড়ের ঠেলায়
কেউ হতো না বেহুঁশ।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৪/২০২২