অন্ধগলিতে হেঁটে
সাইয়িদ রফিকুল হক

অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
বন্ধ হয়েছে জীবনের পথ,
নিভে গেছে আলো, নেমে এসেছে যে
গাঢ় আঁধারের বিভীষিকা রথ!
বুকের ভিতরে আর জ্বলে নাকো
সপ্তরঙের ঝলমলে আলো,
হৃদয়মিনার কেমন করে যে
দখল নিয়েছে নিকষকালো!
আলো-আঁধারের অদ্ভুত এক
খেলা চলিতেছে চারিপাশজুড়ে,
এমন আঁধারে সোনালি বৃক্ষ
উঠবে কেমনে মৃত্তিকাফুঁড়ে!
অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
ভুলমানুষেরা ভুলে করে আরো,
আলোর মিছিল থমকে যাচ্ছে
ভ্রুক্ষেপ যে তবু নেই কারো!


সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০২১