ধর্মনেশার পরিণতি
সাইয়িদ রফিকুল হক

নেশার ঘোরে ধর্মচর্চা
ধর্ম রসাতলে,
আফিমখোরের ধর্মপ্রেম যে
ভাসবে চোখের জলে!

অনেক নেশায় ধর্ম টেনে
লাভ কী হবে তোর?
আঁধার-ঢাকা জীবনটাতে
আসবে নাকো ভোর।

নেশায়-নেশায় ডুবে থেকে
দিচ্ছো মাথায় টুপি!
আবার দেখি বেশ্যালয়েও
যাচ্ছো চুপিচুপি।

ধর্মটাকে নেশা ভেবে
আছো যারা ডুবে,
একদিনও কি দেখছো তোমরা
সূর্যউদয় পুবে?

মহাকাশের রহস্য যে
কিছুই বোঝো না,
মুখেই শুধু ধর্ম চুষে
জীবনটাকে বঞ্চনা।

নেশার ঘোরে আর থেকো না
হও রে খাঁটি মানুষ,
মিথ্যা কেন ধর্মপ্রেমের
উড়াও এত ফানুস?

ধর্মনেশার পরিণতি
হয় না কারও ভালো,
নেশাখোরের নেশায় কি আর
জগত হয় রে আলো?


সাইয়িদ রফিকুল হক
২২/০৮/২০২০