অধমের ধর্মচর্চা
সাইয়িদ রফিকুল হক
কামারগুলো মাড়ায় এখন
ধর্মশালার পথ!
যুগজামানার তেলেসমাতি
উল্টা চলে রথ।
মূর্খগুলোর হাতে দেখি
কুরআন-কিতাব যত,
না বুঝেই সব ধর্মকথায়
মিলছে অবিরত!
পাপীগুলো মসজিদে আজ
হচ্ছে সভাপতি!
সামনে বুঝি দেশ-জনতার
করুণ পরিণতি।
রাজনীতিটা সবখানে আজ
চলছে সমানতালে,
এই সুযোগে মূলপাপীরা
ধর্মগাছের ডালে!
পাপের পথে যাদের জীবন
তারাই এখন রাজা,
এদের হাতে ভালোমানুষ
পাচ্ছে ভীষণ সাজা।
অধমগুলো ধর্মপথে
দেখায় কত ভেল্কি!
যুগজামানায় অবতার যে
এরাই এখন কল্কি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৩/২০২০
মন্তব্য (4)