স্বপ্ন দেখি
সাইয়িদ রফিকুল হক
মনটা আমার খারাপ হলে
আর ভাবি না তোমার কথা,
এই জীবনে স্বপ্ন দেখি
আর বাড়ে না বুকের ব্যথা।
এখন দেখি চারিধারে
ভালোবাসার কতকিছু!
শপথ করে বলছি তাই—
আর নেবো না তোমার পিছু।
রূপকুমারী, যতই তুমি
হও না কেন রূপের খনি,
মনের ভুলে আর তোমাকে
করবো নাকো চোখের মণি।
এই জীবনে দেখছি চেয়ে
ভালোবাসার কতকিছু!
এখন আমি বুঝতে পারি
আর হবো না অবোধশিশু।
এখন আমি স্বপ্ন দেখি
নিত্যনতুন মানুষ-গড়ার,
আরও কত কাজ যে বাকী
আরও বাকী বই পড়ার।
রূপকুমারী, সবটা শুনে
মনটা বুঝি একটু বেজার?
তুমিই দেখো ভেবে-ভেবে
এখন আমার সময় কোথায়
তোমার প্রেমে পড়ার!
শখ যে আমার মিটে গেছে
তোমার সাথে প্রেম করার,
তাইতো আমি স্বপ্ন দেখি
নতুন জীবন গড়ার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৩/২০১৭
Comments (12)