তুমিই আমার প্রেমের ফুল
সাইয়িদ রফিকুল হক
শৈশবে খুব ভালোবাসতাম ফুল,
আর খুব খুশি হতাম রঙিন-রঙিন
পাখনাওয়ালা প্রজাপতির মতো
নাম-না-জানা ফুলগুলো দেখে,
আর তাই সকলের সঙ্গে
কতদিন ফুল-কুড়াতে গিয়েছি বাগানে।
আর কতদিন ভোরে বসে থাকতাম
নিজেদের সেই ভালোবাসার ফুলবাগানে,
আহা, কী ভালো লাগতো!
যখন ফুলগুলো একটু-একটু করে ফুটতো,
আর ভোরের মৃদুমন্দ বাতাসে একটা-একটা করে
হাসিমুখে শুধু বারবার ঝরতো আর ঝরতো!
তারপর কবে যেন একটু বড় হলাম
আর তোমাকে একদিন একটু দেখলাম!
সেই থেকে তোমাকে এখন বেশি ভালো লাগে।
তারপর আর ফুল-কুড়াতে যাইনি—
ফুলগুলো আর আগের মতো ভালো লাগে না,
অথবা, ফুলগুলো আর দেখি না আগের মতো!
এখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে,
আর শুধু তোমাকেই চেয়ে-চেয়ে দেখি,
আর বসে-বসে ভাবি: আমার স্বপ্নের পৃথিবীতে
তুমি কী চমৎকার কুসুমরাণী!
কবে তুমি একটু বুঝবে: তুমিই আমার প্রেমের ফুল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৯/২০১৬
মন্তব্য (14)