বর্ণিল আনন্দ নিয়ে এলো যে বসন্ত
তাপদ্রোহে তার, করে পলায়ন শীত;
নূতন পল্লবে বৃক্ষ ডাল সুশোভিত
চারিদিকে কোকিলের কুহু কুহু গীত।
আমের বাগান মৌ মৌ গানে মুখরিত
ফুটে চামেলী গোলাপ জুই কৃষ্ণচূড়া;
মধু আহরণে ব্যস্ত প্রজাপতি শত
সুরভিত অপরূপা সাজে যেন ধরা।

বসন্ত বরণে নারী হলুদ শাড়িতে
আনন্দ উল্লাস বহে সকল হৃদয়ে;
বিমুগ্ধ তবে মানুষ, স্রষ্টার কলাতে
প্রকৃতির এ কি মায়া বন্ধন বলয়ে।
মৃদুমন্দ সমীরণে পুষ্প নৃত্য তালে
পাখিরাও গায় বউ কথা কও বলে।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল::কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ