দুই বাংলাতেই তুমি,প্রাণ প্রিয় ছিলে
শিল্প কলা সম্ভারে ভরে দিলে জগত;
গর্জে উঠতে বিদেশী শোষণ অনলে
ছিলে সততই সোচ্চার,বড়ই মহৎ।

ছিলে যেন অগ্নি,ওদের জ্বালিয়ে দিলে
ঢালের  মতো দাঁড়ালে মানুষের পাশে;
কখনো সৈনিক,কখনো বিদ্র্রোহ চালে
হিন্দু,খৃষ্টান,কখনো মুসলিম বেশে।

বাংলার বুকে ছিলে তুমি সে ধূমকেতু
শুধু কি কাব্য,দিলে উপন্যাস নাটক;
প্রেম গানে রচিলে এক বন্ধন সেতু
সাহিত্য জগতের ছিলে মোতি ঝলক।

শেষে কেন হলে গো এতই অভিমানী
রইলে নির্বাক,দেখেও চোখের পানি।

      চতুর্দশপদী কবিতা
      আগষ্ট ২৯, ২০১৩