সে চলে গেছে।
সাথে করে নিয়ে গেছে ;
দীর্ঘ ত্রিশ বছর ধরে
একটু একটু করে গড়ে তোলা
আমার সব স্বপ্নকে।
ভেঙে দিয়ে গেছে ;
আমার সাতরঙা প্রত্যাশাকে।
নিয়ে গেছে লাল বেনারসিতে আঁকা
কপালে এতবড় একটা টিপ পড়া
আমার একান্ত সেই কিংবদন্তি-মূর্তিটিকেই।
তখন বিপুল যন্ত্রণাতে দুমড়ে-মুচড়ে গিয়েছিল আমার বুক ;
তবু সেসব কথা আমি ঘুণাক্ষরেও কাউকে জানতে দিই নি।
পাছে , সেসব জানাজানি হয়ে—
রূপা-র বিয়েতে কোনো অনর্থক গণ্ডগোল পাকে !
কাল পর্যন্ত রূপা ছিল
একজনই।
আর আজ—
‘এই রূপার অন্য আর এক রূপা’
সারাটাক্ষণ আমাকে দেখাশোনা করে।
আমার সবকিছু নিয়ে
চিরদিনের মতো সে চলে গেছে ;
আর আমার জন্য রেখে গেছে :
কোনোদিন শেষ করতে না পারা
অন্য আর এক রূপাকে।
মন্তব্য (8)