আমাকে জাগানোর মতো কেউ নেই
আমি দুরন্ত ভীষণ,
আমি ঘুমোলেই পাড়া জুড়োয়
হাফ ছেড়ে বাঁচে ব্যস্ত গৃহিণীরা!
তবু আমি ঘুমালেও তারা খুশি নয় –
আমার ঘুমটাও নাকি ভীষন দস্যিপনা !!


আমি মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি না,
অনাকাঙ্ক্ষিত হাত-পা ছুড়ি না,
মাতৃদুগ্ধের জন্য কান্না করি না,
নাকও ডাকি না রাতে।
তবুও সবাই কেন এমন করে আমার সাথে?

ঘুমোলেও কেউ বলে মরল নাকি? কেউ বলে গণ্ডার!
স্পষ্টতই, কারোরই পছন্দ না নিদ্রা আমার!


অথচ,
আমাকে জাগানোর মতো কেউ নেই,
আমাকে বোঝানোর মত কেউ নেই,
আমাকে বুঝবার মতো কেউ নেই,
আমাকে থামানোর মতো কেউ নেই!
পরিচালনার মতো কেউ নেই,
ভুল ভাঙানোর মতো কেউ নেই,
শোধরানোর মতো কেউ নেই!

তবুও তো আছে লোক – আছে নানা কাজে
নিয়ত ভাঙতে মন ব্যস্ত এ সমাজে!