১) ডানা কাটা পাখি

ডানা কাটা পাখি উড়তে পারে না।

মিথ্যে প্রতিশ্রুতি
হারানো বিশ্বাস
কথার ঢেউ
কাজের বেলা বেপাত্তা।

ডানা কাটা পাখি উড়তে পারে না।

দেশ অটুট
ভক্তি নিখোঁজ
দল অক্ষত
উন্নয়ন টাকার মতো মাটি।

ডানা কাটা পাখি উড়তে পারে না।

সব রঙে ভেজাল
নিশান ওড়ে ধুলোয়
পাঁচ বছরের উৎসব
কার ভাগে খায় কে।

২) থ্রি ডি

সাহেবদের লাল রঙের বড় বাড়ি
দিনের বেলায় মানুষ যেতে সাহস পায় না
মাঝে মধ্যে পুলিশ টহল দেয়।

বৈঠক খানার ঘরে
ফিরে ফিরে আসে মরা মানুষ
কেউ গলা টেপে
কেউ ছুরি ঢোকায়
কেউ গুলি করে
বিকট সব মূর্তি।

দশ কিলোমিটারের মধ্যে কেউ থাকে না
গোপন কাগজপত্র সুরক্ষিত রাখার সুব্যবস্থা
মানুষ আজও আত্মায় ভয় পায়!