১) ফাদার

বিষ্ণুপুরের বিরাট কবরখানা।
সরু পথ দিয়ে এগিয়ে গেলে
চোখে পড়ে কত ক্রস...
ইংরেজিতে নাম লেখা,
সাথে জন্ম ও মৃত্যুর তারিখ।

তখন বিকেল।
ঘুরতে ঘুরতে বিরাট একটা ছায়া চোখে পড়লো।
না, কেউ কোথাও নেই।
পিছু নিলাম।

কে যেন ডাকলো পিছন থেকে।
'ফাদার'।
তিনি আমাকে লক্ষ্য করেছেন।
'চলুন এখান থেকে।
এত অল্প বয়সে মরবেন নাকি'!

২) বাচ্চা

পুরানো বাড়ি। কেউ যায় না।
ভয়ের জন্ম অতীত থেকে-
'ভূত' মানেও অতীত।

দিনের বেলাতেই দেখলাম
বাচ্চাটকে সিঁড়ি বেয়ে উঠতে।
একা একাই।
আশ্চর্য, ওর মা বাবার কী কোনও আক্কেল নেই!
পিছু নিলাম।
বাচ্চাটা ছাদের কিনারে গিয়ে এক লাফ দিলো।
দৌড়ে নীচে নেমে এলাম।
গিয়ে দেখলাম কেউ কোথাও নেই...

একজন ভদ্রলোক আমাকে উদ্ভ্রান্ত দেখে বললেন,
'আজ থেকে প্রায় দশ বছর আগে
এই বাড়ির একটা বাচ্চা ছাদ থেকে পড়ে
মারা গেছিল। তারপর থেকে এখানে আর কেউ থাকে না'।

আমি ঘামতে ঘামতে বসে পড়লাম।