গঙ্গা থেকে মাটি আনার পর
সেটা মাড়ানো হয় পা দিয়ে।
কাঠামোতে মাটি লেপার সময়
সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ ছড়ায় গোল পাকিয়ে।
রং হয়ে গেলে, সোলার গহনা পরানো হয়ে গেলে...
দর দাম হয় রাতে দিনে।
প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে...
'মা মা' রব ওঠে মনে প্রাণে।

বিসর্জনের দিন ছুঁড়ে দেওয়া হয় গঙ্গার জলে।
তার আগে তিন পাক ঘুরিয়ে নিয়ে 'মা মা' বলে সকলে।
এ বছরের ভক্তি ভাবনা যায় ফুরিয়ে; আসছে বছর সেই মাটি আবার জল থেকে তুলে
চলে নতুন উৎসবের ভাবনা- মনের আনন্দে, মনেরই ভুলে...