দিন কেটে যায়-
নিম্নচাপ ঘনীভূত হয় কিন্তু চলে যায় বাংলাদেশের দিকে।
বঙ্গোপসাগরে আবার তরী ভাসে...
সূর্য ওঠে যখন আবহাওয়ার রং ফিকে।

জোয়ার ভাঁটা খেলা করে নদীর বুকে-
জল ওঠা নামা করে কিন্তু শুকোয় না।
তরী ডুবতে ডুবতে ভেসে ওঠে তীরের কাছে এসে।
নোঙর বাঁধে জাহাজ। জিতের কাছে হার অজ্ঞাত, অজানা...

শীত আসে, পাতা ঝরে:
মরা পাতার আগুন জ্বালিয়ে মানুষ নেয় জীবনের উত্তাপ।
উত্তাপ নেওয়া শেষ হতে না হতেই আসে বসন্ত:
কুহু সুরে হারিয়ে যায় শীতের প্রতাপ।

মানুষ জন্মালে মারা যাবেই,
তবু হারায় না সত্তা।
আদর্শের ভিতর বেঁচে থাকে মানুষ।
সফলতাও ঠিক তাই কারণ কাজ হারায় না। জানেন বিধাতা।

দিন কেটে যায়:
রোজ রাত এসে বলে, 'আসবে নতুন ভোর'।
রাতের অন্ধকার কাটার সাথে সাথে আশায় বুক বাঁধে মানুষ।
অনুপ্রেরণা থেকে জন্মায় কাজ, খুলে যায় সফলতার দোর।