আকাশের মেঘ দেখে লাগে না ভয়
কারণ সে আসে পথ ভুলে, আবার মনের ভুলে কোথায় চলে যায়।

হয়তোবা কালো মেঘ বাসা বাঁধে আকাশের কোলে- ধরায় নামে বৃষ্টি।
ধ্বংস শেষ হতে না হতেই জন্ম নেয় সৃষ্টি।

হয়তোবা মেঘে মেঘে সংঘাত চিরে দেয় আকাশের বুক।
বিদ্যুতের মায়াবী আলো আর কর্কশ শব্দ হারানোর পর, শীতলতা আনে শান্তি সুখ।

হয়তো মানুষের মূর্তির মতো মেঘ ছেয়ে থাকে গোটা আকাশ।
শোভা দেখার সময় থাকলেও, নেই অবকাশ।

হয়তোবা তুলোর মতো মেঘ উড়ে বেড়ায় আকাশে মনের আনন্দে।
বেড়াবার স্বাধীনতা প্রভাব ফেলে মানব জীবনের ছন্দে।

হয়তোবা সে আকাশের মতো ছড়িয়ে পড়ে দিক দিগন্তে।
সময়ের কাঁটা ঘোরে জীবনের আদি অন্তে।

হয়তোবা সে আকাশের আর এক রূপ।
উদারতাই জীবন, সঙ্কীর্ণতা নিশ্চুপ।