আমার যা ভালো লাগে তাইই আমি করি:
পরিবার সমাজের কাছে আমি দায়বদ্ধ ঠিকই
কিন্তু নিজের কাছে সুখী হতে চাই, নিজের কাছে স্বাধীন।
অপরের মতে চললে জীবনটাই মেকি।

নিজের জ্বালায় জ্বলি।
নিজের লড়াই লড়ি।
সকল দুঃখের মাঝে
সুখের হাত ধরি।

বন্যায় যখন ভেসে যায় চরাচর,
খড়কুটো খুঁজি।
ঝড়ের তান্ডবে যখন তছনছ সংসার,
উল্টো হাওয়ার সাথে যুঝি।

চলার পথে কাঁটা যত, হাত দিয়ে নয়,
কাঁটা দিয়েই তুলি কাঁটা।
লড়াইটা কঠিন হলেও
জীবনটা সাদামাটা।

আমার জগতে আমিই জগদীশ্বর।
আমার নগরে আমিই নটরাজ।
আমার মাটির ফসল আমি।
আমার আকাশে দুরন্ত বাজ।