গতকাল অফিস থেকে ফেরার পথে , আমার সারথী বলল , " আজ বাড়ি ফিরতে গল্প আছে। " সামনে এফ. এম এ বাজছে " এই মোম জোছনায় , অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। "
গল্প আমাদের বড় প্রিয় ,ঘনাদা, টেনিদা , ব্রজদা , পিন্ডিদা , তারিনী খুড়ো বা বগলামামা আমাদের গল্পই তো শুনিয়েছেন। আমার এক কাকা দেরী করে বাড়ি ফিরলে কাকীমা বলতেন ," এবার একটা নতুন গল্প শোনা যাবে। "
আমাদের রোজকার জীবনে ব্যবহৃত শব্দ গল্পের সাথে , প্রকৃত ছোট গল্পের ফারাক বিস্তর।
চলিত আছে , সব আধুনিক গল্প বেরিয়েছে প্রবাদ প্রতিম রাশিয়ান লেখক নিকোলাই গোগোলের ওভারকোটের পকেট থেকে। গল্প লেখা আর ঘটনার বিবরণ দেওয়া এক নয়। ছোট গল্পের বৈশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন "
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা
নিতান্ত সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ। "
আমি গল্পকারদের নারায়ন গঙ্গোপাধ্যায়ের সাহিত্যে ছোট গল্প বইটি পরে দেখতে বলব। ছোটগল্পের ওপর বাংলা ভাষায় এর চেয়ে ভালো বই আর নেই।
অনু গল্প আর যাই হোক গল্প নয়।অনেক যুগ আগে পত্রপত্রিকায় , কোনো বড় লেখার নিচে কিছু টুকরো ঘটনা , ভাবনা থাকত। তার নাম ছিল পাদপূরণ। আজকালকার অনু গল্প যেন সেই পাদপূরণ। আমার কেমন যেন মনে হয় , ফেসবুক , চ্যাটিং সাইটের প্রয়োজনে , অনুগল্প আর অনু কবিতা। বেশি পড়ার বা লেখার , সময় , সুযোগ বা ইচ্ছে কোনটাই নেই। তাই শব্দ আর ভাষা সংকোচন। গল্পতে একটা narrative style থাকে যেটা পাঠককে টানে। অতৃপ্তিটাই পাঠককে তৃপ্ত করে।
মন্তব্য (13)