সত্যি ! যদি এমন হতো !!

দুঃখগুলো আপনা হতে
হারিয়ে যেতো গহন বনে ;
খুশীর জোয়ার বইতো সদা
সব মানুষের হৃদয় মনে ।

সত্যি ! যদি এমন হতো !!

থাকতো নাকো হিংসা ঘৃণা
এই পৃথিবীর কোনোখানে ;
থাকতো কেবল ভালোবাসা ,
প্রেম ও প্রীতি সবার সনে ।

সত্যি ! যদি এমন হতো !!

খিদের জ্বালায় ছোট্ট শিশু
কাঁদতো নাকো ফুটপাতেতে ;
আজব কোনো ভোজবাজিতে
জুটতো মোয়া তার হাতেতে ।

সত্যি ! যদি এমন হতো !!

ছুটতো না কেউ সকল সময়
নিজের লাভে , নিজের তরে ;
দেখতো সবাই সবাইকে যে
হৃদয় দিয়ে নিজের করে ।

সত্যি ! যদি এমন হতো !!

উপর তলার মানুষগুলো
আসতো নেমে বিবেক লাজে ;
সবার সাথে হাত মিলিয়ে
ধরা দিতো সবার মাঝে ।

সত্যি ! যদি এমন হতো !!

ধনী , গরীব , জাতের বিচার
বন্ধ হতো রাতারাতি ;
থাকতো শুধু এক পরিচয় –
আমরা হলাম মানব জাতি ।

সত্যি ! যদি এমন হতো ......................!!