তুমি যদি মেঘ বালিকা হও ,
আমি তবে চাতক পাখি হবো ;
বৃষ্টি হয়ে পড়বে যখন ঝরে ,
প্রাণটি ভরে তোমার পরশ নেবো ।

    অমলকান্তি রোদ্দুর হতে চায় , -
    অমলকান্তি রোদ্দুর ঠিক হবে ;
    উদয় থেকে অস্ত অবধিতে ,
    আমার হৃদয় তারই সাথে রবে ।

         হয়ে ওঠো হাজার প্রতীক তুমি ,
         হাজার কবি থাকুক তোমার সনে ;
         আমি শুধু মুগ্ধ শ্রোতা হয়ে ,
          শুনে যাবো নিজের মনে-মনে ।

              ফুটিয়ে তোলো নূতন-নূতন কলি ,
              বৃন্ত যদি অভিন্ন হয়, হোক ;
              জাতপাতের ওই বাঁধনখানি ছিঁড়ে ,
              গড়ে উঠুক নূতন মর্ত্যলোক ।

                   জন্মে উঠুক নব মানব জাতি ,
                   নূতন যুগের নবীন কোনো প্রাতে ;
                   সৃষ্টি হয়ে তোমারই ঔরসে ,
                   ভূমিষ্ঠ হোক তোমার গর্ভ হতে ।।