ইচ্ছে আমার ধরা হয়ে
    ধরাটাকে ধারন করার ;
খুশী হয়ে সবার মাঝে,
    চারিদিকে ছড়িয়ে পড়ার ।

ইচ্ছে আমার রামধনুকে
    সাতশো রঙে রাঙিয়ে তোলার ;
বিশ্ব ভূবন ঘুরবো এমন ,
    ঈর্ষা হবে নাগোরদোলার ।

ভাসবো যখন ওই উপরে ,
    মাথা তুলে দেখবে আকাশ ;
বইবো যবে সুমুখ পানে ,
    পিছু নেবে পাগল বাতাস ।

সাগর জলও তল পাবে না ,
    ডুববো যখন অতল তলে ;
চাঁদের মাও বলবে ডেকে –
    টুক দিয়ে যা চাঁদ-কপালে ।

ঝরবো আমি অঝোর ধারায় ,
    মেঘ গুলোকে ভিজিয়ে দিয়ে ;
সূ্র্যটাকে ভরবো আলোয় ,
    আমার বুকের আলো নিয়ে ।

মিটি-মিটি জ্বলবে কেমন ,
    আমার কাছে শিখবে তারা ;
আসবে সময় দ্বারে যখন ,
    বলবো তাকে একটু দাঁড়া ।।