“আমি তোমায় ভালোবাসি।” কতোবার বলেছ আমায়!
যতবার বলেছো,ততবারই মনে হয়েছে
ভালোবাসার কথাটা-তুমি আবৃত্তি থেকে পুনরাবৃত্তি করে চলেছ
দম দেওয়া কলের পুতুলের মতো।
নিজের দোষটাকে ঢাকা দেওয়ার অছিলায়
আমার মুখটাকে বন্ধ করার অভিপ্রায়ে-
আমাদের মধ্যে ভালোবাসার টানটা যত কমেছে
তোমার ওই ভালোবাসার বুলিটা ততই বেড়েছে
আজ আর আমাদের মধ্যে ভালোবাসার তলানিটুকুও অবশিষ্ট নেই
তবুও, তুমি তোতাপাখির মতো বলেই চলেছো-
“আমি তোমায় ভালোবাসি।”

ভালবাসতে হলে-ভালো যে বাসতে হয়!