একটা ইস্কুল ছিল জানিস?
একটা নীল গেট ছিল,ফাঁকা বাস স্টপ,কদম গাছ,
একটা পাঁচিল ঘেরা সবুজ ছিল,
লাল শাড়ি আর সাদা জামাদের সন্ধি ছিল।
শক্ত করে চুল বাঁধা সেই লাল ফিতেদের,
হাওয়ায় দোলার মুক্তি ছিল।
নিজের পাশে অন্য কারো জায়গা রাখার ঝগড়া ছিল,
টিফিন খুলে গন্ধ শোঁকার শান্তি ছিল,
প্রথম লেখা পঙক্তি গুলোর কাটাকুটিরা,
হাত পেরিয়ে পৌঁছে যাওয়ার ফুর্তি ছিল।
একটা ছুটির ঘন্টা ছিল,
ফেরার বাসে জানলা ধারের জায়গা ছিল।
খাতার শেষে গোপন কথার বন্যা ছিল,
কোচিন পাড়ায় ছাতিম ফুলের গন্ধ ছিল।
সন্ধ্যা শীতের হঠাৎ করে জড়িয়ে ধরা,উষ্ণতারা,
অন্ধ গলির নিয়ন আলোর স্পর্শ ছিল।
প্রশ্বাসে রোজ ওড়না মাখা টেম্পটেশনের গন্ধ ছিল,
পায়ের ওপর পায়ের পাতার আদর ছিল,
সবই ছিল।
সেদিন ওরম ফোন আসবার কথাও ছিল?
ওপার থেকে অশ্রু কাতর কান্না ছিল,
আছড়ে পড়া আঘাত ছিল।
শোকেস থেকে শোপিস্ ভাঙার শব্দ ছিল,
কেউ একজন বোবার মতো স্তব্ধ ছিল....
মন্তব্য (3)