কবিতাঃ "স্বপন"
কবিঃ বর্ণ
তারিখঃ ১২/০৭/২০২১ইং
সময়ঃ০১:২০ ঘটিকা
আমার কতক স্বপন আছে নাম ঠিকানা বিহীন,
সংগোপনে সাজাই এ মনে অনেক অনেক দিন।
স্বপন গুলো ঢের তো না তাও তেমনও অল্প'না,
আমার সকল আজব গুজব তালছাড়া কল্পনা।
ফড়ফড়াবে বাতাস এসে নৌকোগুলোর পালে,
চড়ুইজোড়া বাধবে বাসা জালি কুমড়োর চালে।
ঘাসফড়িংয়ে বেড়াক নেচে কাঁচা ধানের শিষে,
আমার প্রাণে মাটির পরাণ যাকনা মিলেমিশে।
মৃদু আলোক উঠুক জ্বলে বাঁশের ঝোঁপে ঝাড়ে,
আবার বকুল ভোরের বেলা ঝরুক বারে বারে।
আষাঢ় মাসের আছড়ে পড়ুক প্রথম ফোঁটা বৃষ্টি,
কচিপাতায় করুক আবার অঘোর-ঘোরের সৃষ্টি।
ভাড়ার ঘরে উঠুক বেড়ে কালকেউটের ছানায়,
সকল পুকুর যাক না ভেসে ফের কচুরিপানায়।
বটের শাখে পাকুড় চারা দিক না আবার উঁকি,
সব শিশু সব মাটির বুকেই করুক আঁকি-বুকি।
রংধনু হোক আবার দেখা টিপ টিপানির শেষে,
রাত বিরেতের পেত্নী গুলো আবার উঠুক হেসে।
আবার আমায় স্বপন দেখায় ফিরবে ঠিকই সবি,
আজকে না তো কাল হবে ঠিক সকল অসম্ভবি।
----------********-----------
মন্তব্য (16)