কবিতা রচনা আমার আদৌ উদ্দেশ্য নয় ;
পথের ধারে সস্তার দোকানদারি ;
জ্বালানী-বিক্রেতা নই, এ ব্যাপারে স্বয়ং অসংশয় ;

জ্বালানী ফুরিয়ে যাওয়ার সম্ভাবনায়, 
দরজায় কেনই বা দাঁড়াবে
                               কোনও অলৌকিক গাড়ি ?

তবু ক্ষীণ এক দুরাকাঙক্ষা :
যদি থামে,  যদিই থামে
                  কোনও দিব্য পথচারী !
গাড়ি যার আলোয় আলোবেগে চলে...

তীব্র তৃষ্ণায় গলা যার শুকিয়ে কাঠ ;
           তাকে কী ভাবে আপ্যায়ন করবে আকাট ?

কী আছে আমার ?
                      শব্দ-বৃক্ষের পাতা-চা ;
সাজিয়ে দেব স্বনির্মিত পেয়ালায়...
দূর সেই সম্ভাবনায়
গ্রীষ্ম-বর্ষা-বসন্তে, ঋতুচক্রে, চক্রান্তরে
                      খোলা থাকে উপেক্ষিত দোকান আমার ;

আসন্ধ্যা-সকাল খুলেই রাখতে চাই ...