[এ যাত্রার হলে অবসান]

এ যাত্রার হলে অবসান
পাথর চোখে দেখব চেয়ে সবই অর্থহীন।
হিমায়ীত বেলাখানি যত্নের ফসল আমার
অনাদরে যায় ভেসে
অনাদির সীমান্ত ছুঁয়ে।

সময়ের গর্ভ উজার করে
দিনান্তে এঁকেছি বাসনার কলা।
আহ্নিক পরিক্রমায়; দিবারাত্রির ইতি হলে
সকাল নামে, সন্ধ্যা গড়ায়
দীপ্ত চেতনার বালিয়াড়ি ফোঁড়ে।

স্বপ্ন বাখারী ভাঙে, তাল কেটে যায়
দিবসের সন্তরণে; ফুরায় সব লেনাদেনা,
শিহরিত অঙ্গীকার, সমূহ আকর।
স্মৃতির বিস্মরণে ধূপ্-শিখা মুছে যায়
গৌরবে সমুজ্জ্বল শুধু সুরভি আভার।

ঈশান কোণের এলোকেশী ঝড়
এসেছিলো কাল অবেলার মেঠোপথে
ক্ষীপ্র প্রহরের শার্শি ঝাঁকাতে।
হারালো প্রানের স্পন্দনখানি
চকিত আলোর ঝলসানো দ্যূতির পথে।