হচ্ছেটা কি? হচ্ছেটা কি?
পাঁকিয়ে তালগোল,
হুমড়ি খেয়ে পড়ছে সবে
করছে কলরোল।
ছিঁড়ছে কারো জামার বোতাম
ছিঁড়ছে কারো দাড়ি,
হচ্ছেটা কি জানতে সবাই
করছে হুড়োহুড়ি।
পথের মোড়ে হচ্ছে জড়ো
হাজার লোকের ভীড়,
বাড়ছে কারো অস্থিরতা
কারো চক্ষুস্থির।
একে বলে অন্যকে 'ভাই
হচ্ছেটা কি হেথা?'
জবাব নেই কারুর মুখেই
সবার একই কথা।
কৌতুহলী লোকের ভীড়ে
ঝরছে যে ঘাম বেয়ে,
কারো কারো দশা যেন
সদ্য এলেন নেয়ে।
মধ্যেখানে পাগলা বুড়ো
গুনছে ঊনিশ-কুড়ি,
হঠাৎ রেগে চেঁচিয়ে বলে
'কে করেছিস্ চুরি?
গুনতে গিয়ে এখন দেখি
একটা পড়ে কম,
কে নিয়েছিস্, চট করে বল্
চুপ কেন একদম?'
জোয়ান-বুড়ো, সাহেব-মজুর
চলছে ঘেঁষাঘেঁষি,
বলছে সবাই বুড়ো সেথায়
গুনছে কি কম-বেশি?
কি যে এমন কঠিন বিষয়!
খাচ্ছে হিমশিম!
বুড়ো তখন হেসে বলে-
'গুনছি ঘোড়ার ডিম'।।
মন্তব্য (14)