সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ উৎপাদনে দেশের স্বয়ম্ভরতা অর্জনে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরে সরকারী ৮টি বিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ৬২৩ মেগাওয়াট এবং বেসরকারী ২টি কেন্দ্রের মাধ্যমে ২১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। সবমিলিয়ে চলতি বছর জাতীয় গ্রিডে ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। মার্চে শাহাবাজপুর কেন্দ্র ১১০ ও ভেড়ামারা ৪১৪, জুনের মধ্যে আশুগঞ্জ ৩৮১, চাপাইনবাবগঞ্জে ১০৪ ও ঘোরাশালে ২৫৪, আগস্টে সিদ্দিরগঞ্জে ১৩৫, সেপ্টেম্বরে সিরাজগঞ্জে ১৫০ এবং অক্টোবরে শিকলবাহাতে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বেসরকারী কেন্দ্র কমলাঘাটে ৫৪ মেগাওয়াট জুনে ও কুষ্টিয়াতে ১৬৩ মেগাওয়াট জুলাইয়ের মধ্যে উৎপাদনে যাবে। আগামী ২০২১ সালে দেশে বিদ্যুৎ চাহিদা হবে ১৮ হাজার ৮শ’ মেগাওয়াট। অপরদিকে উৎপাদন পরিকল্পনা রয়েছে ২৪ হাজার মেগাওয়াটের। দেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৩২ লাখ। তাছাড়া চলতি বছরে দেশে আরো ৩০ লাখ বাড়িতে সংযোগ প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদানে সফল হোক বাংলাদেশ সরকার এমনটাই প্রত্যাশা আমাদের।