ভোরের আলোয় আগের মতো
পুরোপুরি কাটে না অন্ধকার,
সূর্যের লুকোচুরি খেলায়
ছুটোছুটি করে মেঘের মিছিলেরা;
ঘোষনা দেয়, 'নিরাপদ নয় কোথাও'
পল্টন, রমনা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ,
শাহবাগ এমন কি ঢাকা ষ্টেডিয়াম।
পর্দাকে আলতোভাবে সরিয়ে
বাতাস ফিসফিসিয়ে বলে,
বারুদের গন্ধ, টিয়ার গ্যাস,
জলকামানের উত্তপ্ত পানির স্রোত;
বিশুদ্ধ বাতাসকে উড়িয়ে নিয়ে গেছে
অজানা কোন পাহাড় উপত্যকায়।
দরজা জানালা আগলে রেখেছে আমাকে
আশ্রয় দিয়েছে মায়াময়ী-নির্জন কুঠরী
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি,
নিরুপায়ে শুনি পুনশ্চ নিত্য ভোরে আহাজারী।
মন্তব্য (7)