পায়ের ছাপে সহজেই চেনা যায়
পিশাচী নৃত্য না-ধ্রুপদী।
গোড়ালির আস্ফালনে
মাংশের ভিতবে জমেছে পুঁজ,
দগদগে ঘা;
দগদগে ঘা-এর ভিতর লাফালাফি
মহাকালের নেংটি ইঁদুরের।

যার লেজ বাঁধা অদৃশ্য সুতোয়,
সেই অদৃশ্য সুতোর নাটাই
ধ্বংসযজ্ঞ কোন প্রেতাত্মার হাতে নয়;
হেরে যাওয়া বন্দী বিবেকের
কিছু মানুষের হাতে।

যারা প্রতিনিয়ত ফুরিয়ে যায়
জ্বলে-ওঠা থেকে নিবৃত্ত থাকে
বহুদিন, বহুবছর;
লোনাধরা জীবন্ত দেহের মাশুল গুনে
ক্ষয়ে যাচ্ছে সভ্যতা
আর বিবেকের পাহাড়।