তীব্র শীতে কুয়াশায় সিত হয়ে থাকা রাস্তা,
খুব ভোরে মাফলারে গলাটা আটকিয়ে
ছুটে চলে জীবন ধারণে ব্যস্ত কিছু মানব-মানবী,
সস্তা দামের স্যান্ডেলে হেঁটে যায় ক্ষিপ্রতায়।
কখনো দড়াটানা,
কখনো পালবাড়ী,
কখনো ধর্মতলা,
এরা থাকে ছড়িয়ে ছিটিয়ে,
ব্যস্ত কিছু মানব-মানবী।
ফুটপাত থেকে সস্তায় কেনা ব্লেজার গায়ে
ভিক্ষায় নেমেছে আব্দুল আজিজ,
ধর্মতলায় পিঠা বানাতে মাঝবয়সি মহিলা
চুলা ধরাতে ব্যস্ত,
আসাদ গেটে মিটার নিয়ে বসেছে
বছর পঞ্চাশের বৃদ্ধা-
কেউ হয়ত নিজের ওজন মেপে দিয়ে যাবে
বখশিশ স্বরূপ টাকা,
ডায়েট কন্ট্রোল করতে থাকা মেয়েটা
এবারও বেড়েছে এক পাউন্ড,
স্টেডিয়াম রোডে হকারদের আনাগোনা বেড়েছে,
আজকেও দেরি হচ্ছে মনজু হকারের,
ব্যস্ত কিছু মানব-মানবী।
সাইকেলে চড়ে পেপার বিলি করছে
কবির মিয়া,
রিকশাগুলো দাড়িয়ে আছে পর্যায়ক্রমে,
খুব ভোরে ব্যস্ত হয় যশোর শহর,
ব্যস্ত কিছু মানব-মানবী।
মন্তব্য (8)