আমার নিজের বলে আর কিছুই নেই

-কামরুজ্জামান সাদ

--------------------

আমার নিজের বলে আর কিছুই নেই,
সবকিছু দখলে চলে গেছে,
নষ্টদের দখলে।
এইতো কিছুদিন আগেও আমার
ভালবাসা ছিলো হৃদয়ে,
এখন এর অবৈধ দখলদার নষ্টরা।
আমার শরীরটা আর আমার মনে হয় না,
এখানেও ভাগ বসিয়েছে
সূচালো নখের শকুনেরা,
আমাকে খুবলে খাবে বলে।
কিছুদিন আগেও আমি মিছিলে মিছিলে
রাজপথ কাঁপাতে ব্যস্ত,
আর এখন-
রাজপথের একচ্ছত্র অধিপতি ওরাই।
প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন
সেখানেও ওরা।
আমি নেই কোথাও।
নষ্টরা সবখানে,সবসময়।
শুনেছি এবার স্বাধীনতাটাও ওদের
দখলেই থাকবে।
আমার স্বপ্নের স্বাধীনতাটা।
স্বাধীনতার লাল সূর্যটা ওদের হাতে
মানাবে না,
কেমন মলিন হয়ে যাবে।
আমার নিজের বলে কিছু থাকবে না,
কিছুই নেই,কখনো ছিল না।
আমার নিজের বলে আর কিছুই নেই,
সবকিছু দখলে চলে গেছে,
নষ্টদের দখলে।