বৃষ্টির গান
সুশান্ত বিশ্বাস
আহা রে বৃষ্টি! ফেরালি দৃষ্টি শীতের বিকেলে
অবেলার ডাকে ভাসিয়ে আমাকে জানি না কী পেলে?
যখন চরম ছিল যে গরম পাই নি আভাস
এখন সময় কুহেলিকাময় আমার আবাস।
বৃষ্টির তানে বিরহী এ প্রাণে সুদূরের ঢেউ
ফোটে ধারাজলে কোন্ ছায়াতলে জানে কি তা কেউ,
একা বসে থাকা তমসায় ঢাকা দিনের কিনারে
সাত সুরে বাঁধি নিরালায় সাধি মনের বীণারে।
আহা রে বৃষ্টি! করেছ সৃষ্টি শ্রাবণের গান
অসময়ে এলে প্রাণে দিয়ে গেলে বিরহের বান।।
মন্তব্য (4)