দেশের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের এভাবে গণহারে গ্রেফতার করার এবং তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বানোয়াট মামলা দায়েরের যে কর্মকান্ড চালানো হচ্ছে তা কোনোক্রমেই সমর্থনযোগ্য হতে পারে না। অন্যদিকে সরকার শুধু গ্রেফতার ও মামলাই দায়ের করছে না, দল দুটির শান্তিপূর্ণ কর্মসূচিও ভন্ডুল করে দিচ্ছে। সকল স্থানেই পুলিশ মানববন্ধন ও মিছিল-সমাবেশের ওপর ঝাঁপিয়ে পড়ছে। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতনও চালানো হচ্ছে। কোথাও কোথাও বিএনপি ও জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে গুলী পর্যন্ত চালাচ্ছে পুলিশ। এমন অবস্থার কারণেই অভিযোগ উঠেছে, সরকার বাস্তবে পুরো দেশকেই কারাগারে পরিণত করে ফেলেছে। দল দুটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, বিরোধী দলের নেতা-কর্মীদের ধাওয়ার মুখে ও কারাগারে বন্দি রেখে নতুন একটি নীলনকশার নির্বাচন করা এবং সে নির্বাচনের মাধ্যমে অবারও ক্ষমতায় ফিরে আসাই সরকারের প্রকৃত উদ্দেশ্য।