আমিও একজন
কালো বলে নেয় নি স্বামী
ফিরে আসি ভাইয়ের কাছে ,
তার বউও রাখতে চায় নি
অপাংক্তেয় সবার মাঝে ;
বাবা তখন ছিল বলে
দিয়ে গেছে কিছু জমি
সেই ফসলে সংসার চলে
বেঁচে আছি তাই আমি ।
দেখতে খুবই খারাপ মত
কুচুটেও বলে লোকে
নেমন্তন্ন করে না তো কেউ
যেচে যাই তাদের ডাকে ।
গ্রামের কোনে একা থাকি
খোঁজ রাখে না কেহ
সমাজ আমায় দেয় নি কিছুই
পাই নি কোন স্নেহ ;
রুগ্ন মলিন রোগ জরাতেও
আমিও আছি একজন
এগিয়ে সময় স্রোতের পথে
করো গো আমায় আপন ।
-০-০-০-
মন্তব্য (6)