গ্রামটা খুবই ছোট্ট
চারিদিকে খাল কাটা
মাঝখানে মস্ত বড় এক দীঘি
তার পাড়ে সারি সারি তাল গাছ ;
ছোটরা একা একা যেতে খুব ভয় পেত ।
অনেকেই বলত দীঘিতে কুমীর আছে
বর্ষাকালে ধান জমি বেয়ে সে নাকি উঠে আসত ,
সবাই সে কথা শুনেছে কেউ নিজে দেখে নি ;
দীঘির পাড়ে তেরো পার্বণ উৎসবে সবাই সামিল হত ।
সারা গ্রামে প্রায় বেশির ভাগ কৃষক ।

এই পর্যন্ত গ্রামটার সহজ সাধারণ গল্প :

এর পরে রাজনীতি এল , অনুদান এল ,
সরকারী সুযোগ সুবিধা আর কাজের ভাগ বণ্টন এল
মিটিং মিছিলের ও উৎসবের তারতম্য
এমন কি নানান কাজের বরাতও এল ;
অনেকে অনেক চাকরি-বাকরিও পেল
কারখানার কথাও শোনা যায় ।

আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল অসম বিকেন্দ্রীকরণ
দখল ভাগ বাটোয়ারা আর টাকার অপুষ্ট গন্ধ ,
সাথে আরো অনেক কিছু ।

গ্রামের অনেকটা বুজে যাওয়া দীঘি
এখন শুধু কেঁদেই চলে ।
-০-০-০-