বিচ্ছেদের পাশে গড়িয়ে যাচ্ছে সময়, গাছেরা ঘুমোচ্ছে
যারা অনেক শুকনো পাতার মা;
নিয়মে পদবীর পরিবর্তন সামনের মাসেই
প্রিয় উল্টোপাতা এখন মৌতাত জমাতে সারা।
চলছে গড়পেটা মুখশুদ্ধি জীবন
বাঁশ খেতে খেতে সাইবার ক্যাফেতে,
নির্লজ্জ চাঁদ ভাবে তাকে নিয়ে এখনও
কবিতা লেখা হবে শরতে।
খেয়ালে বেখেয়ালে মাড়িয়ে চলে যাই
অসংখ্য ছোট ছোট গাছ কীটপতঙ্গ,
এলিটরাও মানুষ মাড়ায় এভাবেই
ভাবছি কাল থেকে বাগানে কবিতা চাষ করব।
ভাবছি পৃথিবীটাকে ঘোরাব ফুটবল ভেবে
ইচ্ছেমতো কক্ষপথের মাঠে, তারপরও
জানালায় যদি কখনও দাঁড়ায় আইরিন
সিরিয়াস খুব সিরিয়াস হবো ইন্টারভিউ দিতে।
Comments (4)