এইতো সেদিন কি যেন এক কাজে ,
        অফিস থেকে ফেরার পথে সাঁঝে ;
ধর্মতলার মোড়ে গিয়ে দেখি ,
        খাঁচার ভিতর বন্দি নানান্ পাখি ।

তারই পাশে, নামি দামি নেতা ,
        বলছিলো সে স্বাধিনতার কথা ;
ছোটাচ্ছিলো মানবতার বুলি ,
        ফোটাচ্ছিলো ভালোবাসার কলি ।

বলি তাকে, ছুটে গিয়ে জোরে ,
        পাখিগুলো বন্দি, আছে পড়ে ;
দাও উড়িয়ে ওদের আকাশ পানে ,
        বুঝবে সবাই তোমার কথার মানে ।

শুনলো না সে আমার কোনো কথা ,
        বুঝলো না সে বন্দি পাখির ব্যথা ;
চলে গেলো জুড়ি গাড়ি চড়ে ,
        বন্দি পাখি রইলো সেথায় পড়ে ।।