চিন্তার চক্রে
========================@@@
চিন্তা আমার বুদ্ধু মনের নিত্য সেজে সাথী,
থাকলে জেগেই রাত দিবসে খেলে চড়ুইভাতি।
করলে কভু শাসন বারণ
দর্পে খুঁজে তাতেও কারণ
রাগ করে তাই দেয় নিভিয়ে বিজন ঘরের বাতি,
ভাবখানা তার ঠিক যেন সে লাট সাহেবের নাতি!
রোজ যে চলা যায় কি ক্ষণিক ক্লান্তি এলে হেরে!
পারলে আরও চঞ্চলা হয় তৃষ্ণা আহার কেড়ে।
নিদ্রা যদি দেয় কভু চুম
গাট্টা মেরে তাও করে গুম
স্মৃতির মাঠে বাম হাতে সে ছক্কা ক’টা ঝেরে!
এই কবিতা? সেই তো পাতায় আজ দিয়েছে ছেড়ে।
মন্তব্য (14)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন