একদিন তুমি চলে যাবে
সব মৃতের মত,
সবার মনে তোমার স্মৃতি
এমনি হবে গত।

তোমারও থাকবে কাঁদার মত
আপন দু একজন,
তেমন থাকবে দোষ ত্রুটি
ছড়াবে গুঞ্জন।

যদি থাকে সবার মনে
তোমার প্রতি ঘৃণা,
তুমি গেলেও সবার কাছে
যাবে সেটা জানা।

হয়তো দু দিন কাঁদবে সবাই
মুছবে চোখের জল,
অপকর্মের জুটবে গালি
ক্ষণিক কোলাহল।

যখন থাকবে লোকের প্রাণে
তোমার প্রতি মায়া,
হাজার বছর পরেও রবে
সে মমতার ছায়া।

বদলে যাবে রীতিনীতি
বদলে যাবে সমাজ,
কিন্তু সবার মনে রবে
তোমার পুণ্য কাজ।