বন্ধন
ছোটো নদীটির তীরে হেরিয়া বাঁশরিটিরে
আনমনে কহে সেই বালা,
আরবার সুরভিয়া ওঠে মোর হারা হিয়া -
কোথা গেল মোর প্রিয় কালা ।
সঞ্চিত অশ্রুরাশি যাক মোরে নিয়ে ভাসি
নিয়ে যাক প্রেমের মঞ্জর ,
যেথা সে মধুর নিশি কালস্রোতে গেছে মিশি
টুটি সুখস্মৃতির পিঞ্জর ।
নদী কহে কলকলি যে গেছে ফেলিয়া চলি
রাখিয়া সন্ধ্যালাজে তব,
সে ক্ষণিক সুধাধারা যত হোক মনহরা
প্রিয়তম কেমনে গো কবো !
নিরজনে প্রতি পলে রুধিরে অশ্রুর জলে
আঁখি তব দেয় গো অঞ্জলি ;
সে বিষম প্রেমজ্বালা সহিছ কেমনে গো বালা
দিন যে গো যায় বৃথা চলি ।
কহে বালা তটিনীরে, তবু আমি রব চেয়ে,
জানো না কি তারে ভালবাসি ?
এর বেশী নাহি জানি হতে নারি অভিমানী,
ভালবাসা জেনো সর্বগ্রাসি ।
মন্তব্য (2)