এখুনি ঘুমিয়ে পড়ো না
বাকি পড়ে আছে হাজারটা গল্প
কূসুম রঙের সোনা গাছের পাতা ছেড়ার বিচার
হাওয়ায় উড়া রেলগাড়ির ফিকে হওয়া জুতো
কোমল ঠোঁটে মন পবন ডাকবে আরও কত
আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?

জোনাকপোকারা আসবে ছায়ালোক হয়ে
ঢিলে-ঢালা জামায় বোবা বিষাদ ধুয়ে
দেয়ালে জমা ময়লার আত্না হয়ে
আসবে আলাদীনের দৈত্য মাথাটা নুয়ে

ঘুম রাজ্যের রাজপুত্রের ডাকে অ্যাটেনশান দিয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?

বাঁশবাগানের রচিত কাব্য ছদ্ম নামে
কাঠের সিপাহী পাঠিয়ে দিবে হলুদ খামে
চাঁদের বুড়ি রান্না পাকাবে তোমার নামে
গোপন অভিমান মাঝপথে পরবে জ্যামে

প্রাচুর্যঘেরা স্বপ্ন দেখার টানে ছুটে যেয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?

এখুনি ঘুমিয়ে পড়ো না
জমা পড়ে আছে হাজারটা কথা
পেন্সিলে আঁকা নীল জোছনা দেখার পালা
মোমবাতি ছুতো খুঁজে ধরতে চাবে তোমায়
স্পর্শ পেলেই চেয়ে দেখবে অন্য রকম আমায়
আরেকটু জেগে থাকো না ?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?