অভিমানী অনুভূতি
ভারী বৃষ্টিতে ডুবন্ত শহর
শহরের যেটুকু ভিজলো না, যেটুকু জলে ডুবলো না ওটুকুই তোমার হৃদয।
চারদিকে বৃষ্টির রিমঝিম শব্দ,
ভেজা রাস্তায় জমে থাকা পানিতে শহর নিজের ক্লান্তি ধুয়ে নিচ্ছে।
মানুষ ছাতা ফেলে দৌড়াচ্ছে,
কেউ প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে হাটছে
কেউ জানালার পাশে বসে পুরোনো স্মৃতি মনে করছে।
শুধু তুমি ভিজলে না
তোমার হৃদয়ের ভেতরটুকু এতটাই শুকনো যে,
হাজার মেঘের কান্নাও সেখানে পৌঁছাতে পারে না।
আমি ভেবেছিলাম,
একদিন হয়তো আমার অভিমান, আমার অপেক্ষা,
আমার নির্ঘুম রাতগুলো তোমাকে একটু হলেও স্পর্শ করবে।
কিন্তু না,
তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে
নির্লিপ্ত, অনুভূতিহীন, দূরের কোনো শহরের মতো।
বৃষ্টি তো শুধু আকাশ থেকে পড়ে না,
কিছু বৃষ্টি মানুষের চোখ দিয়েও নামে।
আর সেই বৃষ্টিতে ভিজতে ভিজতেই মানুষ এক সময় বুঝে যায়
সবাই ভালোবাসতে জানে না,
কেউ কেউ শুধু ভালোবাসা পাওয়ার অভিনয় করে।
আজ বৃষ্টি থেমে গেলে শহর শুকিয়ে যাবে,
রাস্তার পানি মিশে যাবে মাটির সঙ্গে।
শুধু আমার ভেতরের এই ভেজা অনুভূতিগুলো শুকাবে না জনম জনমে।
Comments (6)